Thursday 18 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা বানিয়েছেন নীলফামারীর বাঁধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৬ ১৪:২২

আর্জেন্টিনার পতাকা।

নীলফামারী: ফুটবলের প্রতি ভালোবাসা আর প্রিয় দলের প্রতি অগাধ সমর্থন থেকে ৭০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা তৈরি করে আলোচনায় এসেছেন নীলফামারীর ডিমলা উপজেলার এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ব্যতিক্রমী এ উদ্যোগের মাধ্যমে জেলা জুড়ে আর্জেন্টিনার একজন বড় সমর্থক হিসেবে পরিচিতি পেয়েছেন তানভীর ইসলাম বাঁধন।

জানা গেছে, ডিমলা উপজেলার নিজপাড়া পাথরখুড়া এলাকার বাসিন্দা ও দেলোয়ার হোসেনের ছেলে তানভীর ইসলাম বাঁধন দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। প্রিয় দলকে ভালোবেসে তিনি নিজ খরচে নাউতারা সড়কের পাশে আর্জেন্টিনার পতাকা ঝুলিয়েছেন। পতাকাটি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ফুটবলপ্রেমীরা সেখানে ভিড় করছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের বিশ্বকাপ উপলক্ষ্যে বাঁধন ৪০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা তৈরি করেছিলেন। সে সময় তার উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়ায়। এবার দল চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ও সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে আগের চেয়ে আরও বড় মাপের পতাকা তৈরির উদ্যোগ নেন তিনি।

৭০০ ফুট দীর্ঘ পতাকা বানিয়েছেন বাঁধন।

পরিবারের সদস্যরা জানান, পতাকা টাঙানোর আগে বাঁধন তার মায়ের দোয়া নেন। এরপর এলাকার আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে নিয়ে পতাকাটি প্রদর্শনের ব্যবস্থা করেন। তার এই উদ্যোগে স্থানীয় তরুণদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গেছে।

তানভীর ইসলাম বাঁধন বলেন, ‘ছোটবেলা থেকেই ফুটবল ভালোবাসি। আর্জেন্টিনা আমার প্রিয় দল। দলের প্রতি ভালোবাসা থেকেই নিজের সামর্থ্য অনুযায়ী এই পতাকা তৈরি করেছি। গতবার বিশ্বকাপ জয়ের আনন্দ যেমন ছিল, এবারও আশা করছি আর্জেন্টিনা ভালো খেলবে এবং ভবিষ্যতেও সাফল্যের ধারা বজায় রাখবে।’

বাঁধনের এই ব্যতিক্রমী আয়োজন তাকে জেলার অন্যতম আলোচিত আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিতি এনে দিয়েছে।