Wednesday 17 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ২ বিদেশি পিস্তল ও ৪ ম্যাগাজিনসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ২০:১১

অস্ত্রসহ আটক হওয়া ব্যক্তিরা।

যশোর: যশোরের শার্শায় অভিযান চালিয়ে দু’টি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

বুধবার (১৭ জুন) ভোররাতে উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া এলাকায় রাসেল রানার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

আটক ব্যক্তিরা হলেন শার্শার রুদ্রপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাসেল রানা (২৬) এবং বেনাপোলের পুটখালী গ্রামের আলতাফ হোসেনের ছেলে জিয়াউর রহমান ওরফে হাফিজুর (৪০)।

পুলিশ জানায়, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে একটি দল রুদ্রপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাসেল রানাকে তার টিনের বসতঘর থেকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তিনি শয়নকক্ষের বালিশের নিচে রাখা একটি পলিথিন ব্যাগে অস্ত্র ও ম্যাগাজিন থাকার কথা জানান। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ব্যাগ থেকে দু’টি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এরপর রাসেলের দেওয়া তথ্যের ভিত্তিতে বেনাপোলের পুটখালী পশ্চিমপাড়া এলাকা থেকে জিয়াউর রহমান ওরফে হাফিজুরকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, রাসেল রানার বিরুদ্ধে আগে একটি মাদক মামলা রয়েছে। উদ্ধার করা আলামতের মধ্যে দু’টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং একটি ভিভো মোবাইলফোন রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘আটককৃতরা স্বীকার করেছে যে এরা দুইজনই অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। বিভিন্ন সময়ে ভারত থেকে অস্ত্র নিয়ে এসে সারাদেশে ছড়িয়ে দেয় তারা। এই দু’টি অস্ত্রও ভারত থেকে আনা। এই্ চক্রের সঙ্গে কারা জড়িত, সেটা জানতে অভিযানে রয়েছে পুলিশ। আটক দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর