রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় অটোরিকশায় ট্রাকের ধাক্কা লাগার ঘটনায় আপন দুই ভাই নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার (১৭ জুন) সকাল প্রায় ১১টার দিকে বানেশ্বর বাজারের ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নকুলবাড়িয়া গ্রামের ধোপাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক প্রামাণিক (৬৫) ও হাচেন প্রামাণিক। তারা উভয়েই মৃত রিয়াজ প্রামাণিকের ছেলে।
আহতরা হলেন হাতেমের ছেলে লালন এবং মৃত জালালের ছেলে লাল্টু। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
জানা যায়, অটোরিকশায় থাকা চার যাত্রী নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। অপরদিকে ‘ঢাকা মেট্রো ট-১২-৭৪৪৪’ নম্বরের ক্যারেট বহনকারী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বানেশ্বর ইয়ামাহা শোরুমের সামনে পৌঁছালে অটোরিকশা ও ট্রাক এ দুর্ঘটনায় পতিত হয়।
এ বিষয়ে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রাহমান জানান, ‘ঘটনাস্থলে একজন নিহত হয় এবং আরও তিনজনকে গুরুতর আহত হলে রামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরেকজনের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকের ড্রাইভার ও তার সহকারী পালিয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।’