খুলনা: খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা বাজার এলাকায় খুলনা-যশোর মহাসড়কে দুইটি যাত্রীবাহী বাস ও একটি তেলবাহী ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (১৭ জুন) সকালে উপজেলার কুলতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, যশোর থেকে খুলনাগামী জ্বালানি তেলের ট্রাকের চাকা ফেটে গিয়ে যশোরগামী রূপসা পরিবহণের মুখোমুখি সংঘর্ষ হয়। তেলবাহী ট্রাকের পেছনে থাকা খুলনা সরকারি বিএল কলেজের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাককে সজোরে ধাক্কা দেয়। ফলে রূপসা পরিবহণ ও কলেজের বাসে থাকা যাত্রীদের অনেকেই আহত হন। তাদের উদ্ধার করে অভয়নগর ও ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়।
দুপুরে ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. এম. তৌহিদ বলেন, ‘পরিবহণের ত্রিমুখী সংঘর্ষে ২৪ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় যানবাহন চলাচল বিঘ্নিত হলেও এখন তা স্বাভাবিক রয়েছে।’