Sunday 14 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় জেলের জালে বিরল প্রজাতির কচ্ছপ, সুন্দরবনে অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ০০:১৩

সাতক্ষীরা: জেলার শ্যামনগর উপজেলার কোবাদক নদীতে এক জেলের জালে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির কচ্ছপ।

শনিবার (১৩ জুন) সকালে উপজেলার বুড়িগোয়ালিনী এলাকার নদীতে মাছ ধরার সময় কচ্ছপটি আটকা পড়ে। পরে খবর পেয়ে সুন্দরবন পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের সদস্যরা কচ্ছপটি উদ্ধার করে সুন্দরবন সংলগ্ন নদীতে অবমুক্ত করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বনবিভাগ সূত্রে জানা যায়, শনিবার সকালে বুড়িগোয়ালিনী এলাকার জেলেরা কোবাদক নদীতে জাল ফেললে অন্য মাছের সাথে বিশাল আকৃতির এই কচ্ছপটি উঠে আসে। এর গায়ের রঙ, খোলসের ভিন্নতর গঠন ও শারীরিক বৈশিষ্ট্য সচরাচর দেখা যাওয়া কচ্ছপের চেয়ে সম্পূর্ণ আলাদা।

বিজ্ঞাপন

নদীতে বিরল প্রজাতির কচ্ছপ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয় উৎসুক জনতা সেটি দেখতে ভিড় জমান।

গাবুরা এলাকার আশিকুর রহমান বলেন, আমরা ছোটবেলা থেকে এই অঞ্চলের নদ-নদীতে নানা জাতের জলজ প্রাণী দেখেছি। কিন্তু এমন অদ্ভুত ও ভিন্ন আকৃতির কচ্ছপ এই প্রথম দেখলাম।

খবর পেয়ে সাতক্ষীরা রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটিকে নিজেদের হেফাজতে নেন। পরে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে কচ্ছপটি সুস্থ ও অক্ষত থাকায় দুপুরে সুন্দরবন সংলগ্ন একটি নিরাপদ নদী অবমুক্ত করা হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, সুন্দরবন ও এর আশপাশের নদ-নদীতে অনেক বিরল এবং বিলুপ্তপ্রায় জলজ প্রাণীর বিচরণ রয়েছে। জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণের স্বার্থে নদী-উপকূলে এমন কোনো বন্যপ্রাণী বা জলজ জীব ধরা পড়লে তা আটকে না রেখে তাৎক্ষণিক বনবিভাগকে অবহিত করার জন্য তারা উপকূলীয় জেলে ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

স্থানীয় সুন্দবন গবেষক পিযুষ বাউলিয়া বলেন, সুন্দরবন সংলগ্ন উপকূলীয় নদীগুলোতে এ ধরনের বিরল প্রজাতির কচ্ছপের উপস্থিতি প্রমাণ করে যে এখানকার জলজ বাস্তুতন্ত্র এখনো সমৃদ্ধ। তবে সুন্দরবনের এই অনন্য জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে স্থানীয় জনগোষ্ঠীর সচেতনতা এবং বনবিভাগের কঠোর নজরদারির পাশাপাশি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর