নীলফামারী: জেলার সৈয়দপুরে রেলওয়ের জলাশয় ভরাট করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সোমবার (৮ জুন) সকাল থেকে রেলওয়ে স্টেশনের উত্তর দিকে গোলাহাট এলাকায় এ অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় ওই জলাশয় ভরাট করে গড়ে তোলা প্রায় ৯টি পাকা ও আধাপাকা বসতঘর এবং অন্যান্য স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
জেলা প্রশাসনের সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম বলেন, ‘এ জলাশয় রেলওয়ের মালিকানাধীন। জলাশয়টি ভরাট করে বেশ কিছু স্থাপনা তৈরি হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে এ জলাশয় দখল করে স্থাপনা গড়ে তোলার সংবাদ প্রকাশিত হয়, যা প্রধানমন্ত্রী ও রেলকর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়া সাপেক্ষে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।’
রেলওয়ের এ কর্মকর্তারা আরও জানান, রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
রেলওয়ের এই অভিযানে স্থানীয় রেলওয়ে কর্মকর্তাসহ রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তাবাহিনীর সদস্য ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।