Sunday 07 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ২১:৫৭

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক পরিষদের আন্দোলন

রাজশাহী: ৬ দফা দাবিতে সারাদেশের ন্যায় একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (৭ জুন) সকাল সাড়ে ১১টায় ‘রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদ’-এর ব্যানারে হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।

এ সময় তারা তাদের ঘোষিত ৬ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের জোর দাবি জানান। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন লাগাতার চলতে থাকবে বলে হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা বৃদ্ধি করে ৩০ হাজার টাকায় উন্নীত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ বছরের বাধ্যতামূলক শিক্ষানবিশকাল (ইন্টার্নশিপ) বাতিল করা, বিসিএস চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করে ৩৪ বছর করা।

বিজ্ঞাপন

অন্যদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসা সেবায় যেন কোনো সংকট তৈরি না হয়, সেজন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের ভোগান্তি এড়াতে বর্তমানে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের সার্বিক সহযোগিতায় এবং সরাসরি তত্ত্বাবধানে বিকল্প ব্যবস্থায় রোগীদের চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ফলে হাসপাতালে চিকিৎসা সেবায় চাপ বেড়েছে।

উল্লেখ্য, ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে বেশ কিছুদিন ধরেই নানা কর্মসূচি পালন করে আসছিলেন চিকিৎসকরা। এরই ধারাবাহিকতায় রোববার সকাল থেকে সারাদেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে একযোগে লাগাতার কর্মবিরতির ডাক দিয়ে চূড়ান্ত আন্দোলন শুরু করে ‘ইন্টার্ন চিকিৎসক ফোরাম’।