চুয়াডাঙ্গা: বিজিবি-৬ ব্যাটালিয়নের ব্যারাক থেকে আজিজুর রহমান নামের এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুর ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
মৃত আজিজুর রহমান ব্যাটালিয়নের একজন নায়েক হিসেবে কর্মরত ছিলেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একজন বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে।’
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ব্যারাকের একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে গলায় দড়ি বাঁধা ও ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার (৫ জুন) রাতে কোনো এক সময় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে থাকতে পারে।
তিনি আরও বলেন, ‘বিজিবির পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে, নায়েক আজিজুর রহমান মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এ কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পাশাপাশি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’