টাঙ্গাইল: জেলার দেলদুয়ারে বজ্রপাতে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুর ২টার দিকে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার মাদারকোল গ্রামের বাসিন্দা খালিদুর রহমান (২৯) ও তার মেয়ে খাদিজা আক্তার (১০)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার খালিদুর স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে যান। দুপুরে পার্শ্ববর্তী মেরুয়াঘোনা গ্রামে আরেক আত্মীয়ের বাড়ি দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে শাহধারীপাড়া নামক স্থানে পৌঁছে অটোরিকশা থেকে নামার সময় বাবা-মেয়ে দুজনে হঠাৎ বজ্রপাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সময় খালিদুরের পকেটে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল সেটটি পুড়ে যায়। একইসাথে খালিদুরের গায়ের শার্টটিও পুড়ে যায়। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় খালিদুরের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।