বান্দরবান: জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন দ্বিনা তঞ্চঙ্গ্যা। তিনি রোয়াংছড়ি উপজেলার নাছালংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
শিক্ষকতা পেশায় নিষ্ঠা, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, সৃজনশীল কর্মকান্ড এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।
বুধবার (৩ জুন) প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান উপলক্ষ্যে জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দ্বিনা তঞ্চঙ্গ্যা শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়।
তার এ সাফল্যে শিক্ষা অঙ্গনসহ রোয়াংছড়ি উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
দ্বিনা তঞ্চঙ্গ্যার শিক্ষাজীবনের শুরু হয়েছিল রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শৈশব থেকেই তিনি মেধাবী ও অধ্যবসায়ী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন। প্রাথমিক শিক্ষার সেই ভিত্তিকে পুঁজি করে তিনি উচ্চশিক্ষা অর্জন করেন এবং পরবর্তীতে শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন।
বর্তমানে তিনি রোয়াংছড়ি উপজেলার নাছালংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন। তার আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত হয়েছে এবং শিক্ষার্থীদের পাঠদানে নতুন নতুন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে তিনি অভিভাবক ও সহকর্মীদের প্রশংসা অর্জন করেছেন।
জেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় দ্বিনা তঞ্চঙ্গ্যা বলেন,এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সাফল্য, ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে যাব।
এদিকে তার এ কৃতিত্বে রোয়াংছড়ি উপজেলার শিক্ষা পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি, সহকর্মী শিক্ষক ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন।