চাঁপাইনবাবগঞ্জ: জেলার ৩ উপজেলা বজ্রপাতে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির সময় এসব মৃত্যুর ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে শিবগঞ্জ উপজেলায়। ওই উপজেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন— চকনরেন্দ্র গ্রামের মাহমুদা আক্তার, রানীবাড়ি-বাজারপাড়ার সাদিয়া খাতুন (১৪) এবং শিকারপুর দক্ষিণপাড়ার মো. মেসবাউল।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, বৃষ্টির সময় বাড়ির পাশের আম বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়।
এদিকে, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহারে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন আব্দুল্লাহ (১৭) ও তার সঙ্গে একটি গরুও মারা যায়। পরে আহত আব্দুল্লাহকে জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামে মাঠে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান সুমিয়ারা বেগম নামের এক নারী।