Thursday 04 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনের কুখ্যাত দস্যু বাচ্চু হাওলাদার অস্ত্রসহ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৬ ১৫:১১

আটক ডাকাত সদস্য।

বাগেরহাট: অপারেশন ম্যানগ্রোভ শিল্ড এর আওতায় যৌথ অভিযানে সুন্দরবনের কুখ্যাত দস্যু করিম শরীফ বাহিনীর সদস্য আমিন বাচ্চু হাওলাদার কে অস্ত্র, গুলিসহ আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সারে ১২টায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতরের মুখপাত্র লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ এক প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় অভিযান পরিচালনা করে আমিন বাচ্চু হাওলাদার কে অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ আটক করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত বুধবার (৩ জুন ) বিকেল ৩ টায় কোস্ট গার্ড ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে অভিযানিক দল দস্যুদের ধাওয়া করে ৪ টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, ১ টি টেলিস্কোপ, ১ টি সোলার প্যানেল, ১ টি ব্যাটারি, ১ টি ওয়াকি-টকি চার্জার, ১ টি শিংসহ হরিণের মাথা, ৩ কার্টন সিগারেট, ২ বস্তা চাল এবং ১ টি কাঠের বোটসহ করিম শরীফ বাহিনীর একজন সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়। এসময় ডাকাত করিম শরীফ বাহিনীর ব্যবহৃত ১ টি আস্তানা ধ্বংস করা হয়।

পরবর্তীতে আটক হওয়া ডাকাতের দেওয়া তথ্যের ভিত্তিতে ঐদিন রাত ১০ টায় কোস্ট গার্ড ও পুলিশ যৌথভাবে মোরলগঞ্জ উপজেলার পিসি বাড়ইখালি সংলগ্ন এলাকায় তার বাড়িতে অভিযান পরিচালনা করে ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক হওয়া ডাকাত আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫), বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে কুখ্যাত করিম শরীফ বাহিনীর একজন সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবন এলাকায় দস্যুতাসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।

আপর দিকে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, আটক দস্যু কে অস্ত্র আইনের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।