সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি বালু পয়েন্ট সংলগ্ন করতোয়া নদী থেকে শতবর্ষী এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত নারী মায়া রাণী (১০০)। তিনি উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া গ্রামের মৃত বিষ্ণু পদ শীলের স্ত্রী। তিনি দুই দিন ধরে নিখোঁজ ছিলেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, বয়সের ভারে ন্যুব্জ হলেও মায়া রাণী নিয়মিত নদীতে গোসল করতে যেতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টার দিকে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীতে গোসল করতে যান মায়া রাণী। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করা হয়। সন্ধ্যা ঘনিয়ে এলেও তার কোনো সন্ধান না মেলায় বিষয়টি স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে ব্যাপক অনুসন্ধান অভিযান চালায়। নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও নিখোঁজ বৃদ্ধার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিনও পরিবারের সদস্যরা নদীর উজান ও ভাটির বিভিন্ন এলাকায় খোঁজ চালিয়ে যান। সম্ভাব্য উদ্ধার বা সন্ধানের আশায় তারা নদীপাড়ের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করেন এবং নিজেদের মোবাইল নম্বর দিয়ে রাখেন।
নিহতের ছেলে নব চন্দ্র শীল জানান, মা নিখোঁজ হওয়ার পর আমরা আত্মীয়-স্বজন, স্থানীয় লোকজন এবং প্রশাসনের সহযোগিতায় সর্বাত্মক চেষ্টা করেছি। নদীর বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোরে এক ব্যক্তি আমাদের ফোন করে জানান, নদীতে একটি মরদেহ ভাসতে দেখা গেছে। খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যাই এবং মরদেহটি আমার মায়ের বলে শনাক্ত করি।
স্থানীয়দের ধারণা, নদীর স্রোতে ভেসে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। পরে মরদেহটি ভাটির দিকে শাহজাদপুর উপজেলার তালগাছি বালু পয়েন্ট এলাকায় গিয়ে ভেসে ওঠে।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।
শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি মায়া রাণীর বলে শনাক্ত করেছেন। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে শতবর্ষী এই নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারাও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে এলাকায় বসবাসকারী মায়া রাণী ছিলেন সবার পরিচিত ও শ্রদ্ধেয় একজন প্রবীণ নারী। তার মৃত্যুতে এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।