নোয়াখালী: নোয়াখালী পৌরসভার মহব্বতপুর গ্রামে মেকানিক দোকান থেকে মাদক কারবারি মো.আব্দুল হামিদ (৪৫) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩ জুন) রাতে উপজেলার নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা, ৭ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেফতার হামিদ একই ওয়ার্ডের হামিদ মিয়ার বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মহব্বতপুর এলাকায় আব্দুল হামিদের মেকানিক দোকানে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় দোকান তল্লাশি করে মাদকদ্রব্য ও টাকা পাওয়া যায়। অভিযানের সময় হামিদকে আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মেকানিক দোকানের আড়ালে মাদকের কারবার করে আসছিলেন।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ করা মাদক ও নগদ টাকা থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। ওই মামলায় আজ বৃহস্পতিবার (৪ জুন) আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।