Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অরক্ষিত বৈদ্যুতিক খুঁটি, বিদ্যুতায়িত হয়ে ৫ গরুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ২৩:৫৯

অরক্ষিত বৈদ্যুতিক খুঁটির কারণে বিদ্যুতায়িত হয়ে ৫ গরু মারা গেছে। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: জেলার কালিহাতীতে অরক্ষিত বৈদ্যুতিক লাইনের কারণে বাঁশের খুঁটির সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে পাঁচটি গরু মারা গেছে।

বুধবার (৩ জুন) সকালে কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামের চকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভেঙে যাওয়া কাঠের খুঁটির পরিবর্তে স্থাপিত ঝুঁকিপূর্ণ বাঁশের খুঁটিতে বিদ্যুৎ প্রবাহিত হলে মাঠে ঘাস খেতে যাওয়া গরুগুলো বিদ্যুতায়িত হয়ে মারা যায়। যদিও স্থানীয়দের সতর্কতায় আরও কয়েকটি গরু রক্ষা পেয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণে কোনো ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন বলেন, ‘খবরটা আমরা জানতে পেরেছি। ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে এম তৌফিক আজম বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলব। যাতে করে বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ নেয়।’