Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আধুনিক প্রযুক্তিতে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় সম্ভব— চসিক মেয়র

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ২২:২০

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চসিক মেয়র

চট্টগ্রাম: সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সঠিক রোগ নির্ণয়ে বিজ্ঞানের আবিষ্কার আধুনিক যন্ত্রপাতি। রোগ নির্ণয় করা গেলে চিকিৎসাও সহজ হয়। এক্ষেত্রে থ্রি তেসলা এমআরআই মেশিন রোগীদের উপকারে আসবে।

বুধবার (৩ জুন) চট্টগ্রামে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের চট্টগ্রাম শাখায় আন্তর্জাতিক মানের সর্বাধুনিক ১৮০ চ্যানেলের থ্রি তেসলা এমআরআই মেশিন উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

এদিন সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বায়োমেট্রিক্স প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ ‘ম্যাগনেটম লুমিনা প্রো অ্যাডিশন’ থ্রি তেসলা এমআরআই মেশিনের কার্যক্রম উদ্বোধন করেন চসিক মেয়র।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘মানুষের জীবনযাত্রায় পরিবর্তনের সঙ্গে সঙ্গে নানা ধরনের রোগ-ব্যাধিও বাড়ছে। আধুনিক চিকিৎসাব্যবস্থায় সঠিক রোগ নির্ণয়ের জন্য উন্নত প্রযুক্তির যন্ত্রপাতির কোনো বিকল্প নেই।’ চট্টগ্রামবাসীর চিকিৎসাসেবার মানোন্নয়নে এমন অত্যাধুনিক এমআরআই মেশিন সংযোজন করায় তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘নতুন এই এমআরআই মেশিনের মাধ্যমে রোগীরা মাত্র ৩ থেকে ৪ মিনিটের মধ্যে ব্রেইন ও স্পাইনের এমআরআই পরীক্ষা সম্পন্ন করতে পারবেন। এছাড়া শরীরের অন্যান্য অঙ্গের এমআরআইও আগের তুলনায় প্রায় অর্ধেক সময়ে করা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘চট্টগ্রামের চিকিৎসক সমাজ ও সাধারণ মানুষের আস্থা এবং সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে আসা আরও অত্যাধুনিক প্রযুক্তি স্বাস্থ্যসেবায় যুক্ত করা হবে। বর্তমানে পপুলার গ্রুপের প্রায় ২৬ হাজার কর্মকর্তা-কর্মচারী দেশের মানুষের স্বাস্থ্যসেবায় কাজ করছেন।’

পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড চট্টগ্রাম শাখার সিনিয়র ব্যবস্থাপক ওয়ালী আশরাফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ও নিউরোসার্জন ডা. মঈনউদ্দিন মো. ইলিয়াছ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার শান্তিনগর শাখার ডিজিএম মো. শাহী মাহমুদ, চট্টগ্রাম শাখার সহকারী ব্যবস্থাপক সুজন কান্তি দে, উজ্জ্বল বড়ুয়া, সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) মো. বেলাল হোসেন-সহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও কনসালট্যান্টরা।