Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ০৯:২২ | আপডেট: ৩ জুন ২০২৬ ১২:৩৩

প্রতীকী ছবি।

বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় ব্যাটারিচালিত ভ্যানে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চরকাঠী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের পদ্মনগর গ্রামের দৌলত খানের ছেলে মতিউর রহমান খান (৭০) এবং পিরোজপুর সদর উপজেলার জুসখোলা গ্রামের সরোয়ারের ছেলে রাব্বি (২৫)।

আহতরা হলেন পিরোজপুর জেলার চালিতাখালি গ্রামের ইব্রাহিম শেখের ছেলে ভ্যানচালক আবু হাসান (৩০) এবং কচুয়ার চরকাঠী গ্রামের রশিদের ছেলে রোমান শেখ (৩২)। আহতরা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে সাইনবোর্ড থেকে কচুয়াগামী একটি ব্যাটারিচালিত ভ্যানে বিপরীত দিক থেকে আসা একটি ছয় চাকার ট্রাকের ধাক্কা লাগে। এতে ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে মতিউর রহমান খান ও রাব্বি মারা যান।

কচুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক বাইন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর