Tuesday 02 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরু চুরির অভিযোগে গণপিটুনি, যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ১৩:৩৬ | আপডেট: ২ জুন ২০২৬ ১৯:১৮

মরদেহের প্রতীকী ছবি।ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনির শিকার এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২ জুন) ভোররাতে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ আলী (৪০) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই কলেজ বস্তি এলাকার মৃত নূর নবীর ছেলে। তবে দীর্ঘ পাঁচ বছর ধরে তিনি শ্বশুরবাড়ি গোহালবাড়ি গ্রামে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা মো. এমরান হোসেনের গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা করা হচ্ছে বলে পরিবারের সদস্যরা টের পান। এ সময় সন্দেহভাজন হিসেবে ফিরোজ আলীকে আটক করা হয়। পরে চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে তাকে মারধর করে।

বিজ্ঞাপন

গুরুতর আহত অবস্থায় ফিরোজ আলীকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে তিনি মারা যান।

খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

ভোলাহাট থানা সূত্রে জানা গেছে, ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর