Sunday 31 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৬ ১৯:৩১

মরদেহের প্রতীকী ছবি।ফাইল ছবি

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোতালেব হোসেন জিম বাবু (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মে) দুপুরে উপজেলার রনচণ্ডী ইউনিয়নের ময়দানপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোতালেব হোসেন জিম বাবু রনচণ্ডী খদ্দারপাড়া গ্রামের আক্তারুল ইসলামের ছেলে। সে স্থানীয় রনচণ্ডী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে মোতালেব হোসেন জিম বাবু মোটরসাইকেলে রনচণ্ডী বাজার থেকে বড়ভিটা বাজারের দিকে যাচ্ছিল। পথে ময়দানপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

বিজ্ঞাপন

কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে গিয়ে রাস্তায় থাকা সেনাবাহিনীর পিকআপভ্যানের নিচে পড়ে। এতে মোতালেব হোসেন গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশ সেখানে অবস্থান করছে। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর