চাঁপাইনবাবগঞ্জ: ইতালিতে বৈধ কর্মসংস্থানের প্রলোভন ও ভুয়া ‘নুলাস্তা’ (ওয়ার্ক পারমিট) দেখিয়ে কোটি টাকা আত্মসাতের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া ব্রিজ চত্বরে ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধন করেছে। অভিযুক্ত প্রতারক চক্রের মূল হোতা চামাগ্রাম ভ্যালাপাড়ার মো. রবু মেম্বারের দুই ছেলে কালু ও পালু।
রবিবার (৩১ মে) সকাল ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী এক নারী বলেন, ‘ছেলে সবুজকে বিদেশ পাঠানোর জন্য কালুকে টাকা দিয়েছিলাম। ৮ লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছি, সোনালী ব্যাংকে ৩ বছর থেকে লোন চলছে। এখন ও কোনো পাত্তাই দেয় না। ও প্রতারণা করেছে। আমরা টাকা ফেরত ও কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
আরেক ভুক্তভোগী বলেন, ‘২০২৩ সালের ২৭ মার্চ কালুর অ্যাকাউন্ট নম্বরে টাকা দিয়েছিলাম। এক বছর পর আমাদের ভুয়া ‘নুলাস্তা’ ও অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়। পরে তা ভিএফএস গ্লোবালে জমা দিলে তারা ‘কাগজ জাল’ বলে ফেরত দেয়। এখন ফোন দিলে উনি হুমকি দেন এবং মানহানির মামলা করার ভয় দেখান।’
এ ছাড়া, ভুক্তভোগীরা আত্মসাৎকৃত অর্থ উদ্ধার ও প্রতারকদের শাস্তির দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।