ফরিদপুর: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ বছর হাসপাতালটিতে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।
শনিবার (৩০ মে) সকালে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
মৃত শিশুটির নাম আফসানা, তার বয়স আট মাস। আফসানা ফরিদপুর সদর উপজেলার আলিপুর মহল্লার রুবেল শেখের মেয়ে।
এ ছাড়া সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জ্বর, সর্দি-কাশি ও হামের উপসর্গ নিয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ জন ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জনসহ হাসপাতাল দুটিতে মোট ১৩৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এখনও পর্যন্ত হামের উপসর্গ নিয়ে জেলায় ২ হাজার ৩৭ রোগী চিকিৎসা নিয়েছে, যাদের মধ্যে ১ হাজার ৭৬৫ শিশু সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে।
সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, এখনও পর্যন্ত হামের উপসর্গে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৭ জন শিশুর মারা যাওয়ার ঘটনা ঘটেছে; যাদের মধ্যে ফরিদপুরে ৫ জন, গোপালগঞ্জে ৪ জন, মাদারীপুরে ৩ জন, রাজবাড়ীতে ৩ জন এবং মাগুরা ও যশোরের একজন করে শিশু রয়েছে।