নীলফামারী: জেলা সদর হাসপাতালের চিকিৎসাসেবা, অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনা ও রোগীদের খাবারের মান তদারকিতে আকস্মিক হাসপাতাল পরিদর্শন করেছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।
শুক্রবার (২৯ মে) দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও হাসপাতালের সার্বিক পরিবেশের খোঁজ নেন তিনি।
পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা ও অসঙ্গতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন সংসদ সদস্য। বিশেষ করে জরুরি রোগী পরিবহণে অ্যাম্বুলেন্স সেবার ধীরগতি, ওয়ার্ডের পরিচ্ছন্নতা এবং রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের জন্য মানসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
একইসঙ্গে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, দায়িত্ব পালন এবং জনবল সংকট সম্পর্কেও খোঁজ নেন সংসদ সদস্য। অনিয়ম বা দায়িত্বে অবহেলার বিষয়ে সতর্ক করে দ্রুত সমাধানের তাগিদও দেন তিনি।
পরিদর্শন শেষে সংসদ সদস্য বলেন, ‘সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। হাসপাতাল হবে মানুষের আস্থার জায়গা। রোগীরা যেন সঠিক চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা পায়, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কোনো ধরনের অব্যবস্থাপনা চলতে দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘নীলফামারী সদর হাসপাতালকে আধুনিক ও মানসম্মত চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করতে সরকার কাজ করছে। বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধান এবং হাসপাতালের আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতারা, হাসপাতালের চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমপির এ আকস্মিক পরিদর্শনে রোগী ও স্বজনদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।