সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পাংসের খাল পুনর্খনন কার্যক্রমে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ। একইসঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
সোমবার (২৫ মে) বিকেল ৫টায় মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক মো. সালাউদ্দিন, মোফাজ্জল হোসেন, কৃষক আবুল কালাম আজাদ, মাওলানা আবুজার রহমান, ওয়াজেদ আলী, ইব্রাহিম খলিল, আবুজার গাজী ও আলামিন হোসেনসহ আরও অনেকে।
মানববন্ধনে মোফাজ্জল হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে পাংসের খাল ভরাট ও নাব্যতা সংকটের কারণে কৃষি উৎপাদন, পানি নিষ্কাশন এবং স্থানীয় জনজীবনে নানা সমস্যা সৃষ্টি হয়েছে। এসব সমস্যা নিরসনের লক্ষ্যে সরকারি খাল পুনর্খনন কার্যক্রম শুরু হলে বেসরকারি সংস্থা সুশীলন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন অপপ্রচার চালিয়ে প্রকল্প বাস্তবায়নে বাধা দেওয়ার চেষ্টা করছে।’
শিক্ষক সালাউদ্দিন বলেন, ‘সুশীলন এনজিও ভূমি খাদক। এরা যে জমির ওপরে চোখ দেয়, সেই জমির মালিকদের দেশছাড়া করে। এরা প্রভাব খাটিয়ে সরকারি খাল দখল করে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করে আসছে। খাল খননে এরা বাধা দেওয়ায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
বক্তারা আরও বলেন, খাল পুনর্খননের ফলে এলাকার কৃষকেরা উপকৃত হবেন, জলাবদ্ধতা কমবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। তাই জনস্বার্থে চলমান এ কার্যক্রমে বাধা দেওয়ার অপচেষ্টা বন্ধ করতে হবে।
এ ছাড়া বক্তারা অপপ্রচার ও উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেন তারা।