Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা রসিক প্রশাসকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ১৮:১৮

পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার তুলে দিচ্ছেন সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন। ছবি: সংগৃহীত

রংপুর: সিটি করপোরেশনের (রসিক) প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেছেন, পবিত্র ঈদুল আজহায় নগরীতে পশু কোরবানির পর সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। তিনি পরিচ্ছন্নতাকর্মীদের আন্তরিক দায়িত্ব পালনের ওপর এই লক্ষ্য অর্জন করা সম্ভব বলে জানান।

সোমবার (২৫ মে) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে মোট ৮৫৫ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দেওয়া হয়। গত ঈদুল ফিতরেও তাদের একই পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে পরিচ্ছন্নতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তার মঙ্গল কামনা করেন।

বিজ্ঞাপন

পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক বলেন, ‘আমরা নগরকে পরিচ্ছন্ন রাখতে চাই। ঈদের আগে ও পরে সবসময়ই এ প্রচেষ্টা বাস্তবায়নে তোমাদের ভূমিকা রাখতে হবে। আমি বিশ্বাস করি, কোরবানির পশুর বর্জ্য অপসারণে ১২ ঘণ্টার বেশি সময় লাগবে না, যদি আমরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করি।’

নগরকে পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস কাজের প্রশংসা করে তিনি বলেন, ‘আপনারা নগরকে পরিচ্ছন্ন রাখতে নিরলসভাবে কাজ করেন বলেই প্রধানমন্ত্রী আপনাদের পাশে দাঁড়িয়েছেন।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর মহানগরের সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা নাঈম হাসান খান প্রমুখ।

উল্লেখ্য, রংপুর সিটি করপোরেশন বাংলাদেশের দশম সিটি কর্পোরেশন এবং আয়তনের দিক থেকে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম সিটি কর্পোরেশন। বর্তমানে সিটি কর্পোরেশনের আয়তন ২০৫.৭০ বর্গ কিলোমিটার এবং এর আওতায় ৩৩টি ওয়ার্ড রয়েছে। জনসংখ্যা প্রায় ৮ লাখ। নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা রসিকের অন্যতম প্রধান সেবা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর