Sunday 24 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে ট্রাকচাপায় ভাঙারি ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ২০:০৮

– কোলাজ প্রতীকী ছবি

নাটোর: জেলার নলডাঙ্গায় ট্রাকচাপায় খেজমত আলী নামে একজন ভাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন। এঘটনায় রফিকুল ইসলাম নামে আরও একজন ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৪ মে) বিকেল ৪টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের আচঁড়াখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ভাঙারি মালামাল নিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন খেজমত আলী ও রফিকুল ইসলাম। পথে আচঁড়াখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক খেজমত আলী নিহত হন এবং গুরুতর আহত হন রফিকুল ইসলাম।

স্থানীয়রা আহত রফিকুল ইসলামকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

বিজ্ঞাপন

নলডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরে আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে জব্দ ট্রাকটি পুলিশ হেফাজতে নিয়েছে। দুর্ঘটনায় পালাতক ট্রাক ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএস