কুষ্টিয়া: জেলার খোকসায় যাত্রীবাহী একটি বাস ট্রাকের সঙ্গে সংঘর্ষের ফলে উলটে খাদে পড়ে যায়। এ ঘটনায় নারীসহ মোট তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৪ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২১ মে) বেলা ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার শিয়ালডাঙ্গি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী তানহা পরিবহণের একটি বাস শিয়ালডাঙ্গি মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজনের মরদেহ রাখা হয়েছে। এ ছাড়া আহত অন্তত ২৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ইকবাল হাসান জানান, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা চারজনের মধ্যে এক নারী মারা গেছেন। বাকি তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।