খুলনা: খুলনায় পূর্ব শত্রুতার জেরে যুবদলের এক সদস্যসহ দুইজনকে গুলি করে আহত করার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে লবণচরার পুটিমারী বাজার সংলগ্ন ১ নম্বর জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি অফিসের ভেতরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্য মাসুম বিল্লাহ (৩৩) এবং জাহিদ (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মাসুম বিল্লাহ ও জাহিদ বিএনপি অফিসে বসে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে বিভিন্ন থানার একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত পারভেজ সেখানে প্রবেশ করে। পরে তর্কবিতর্কের একপর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মাসুমের বাম পায়ে এবং জাহিদের ডান হাতে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা সার্জারি ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারফ হোসেন বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে পারভেজ নামের এক ব্যক্তি তাদের গুলি করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতরা খুমেক হাসপাতালে ভর্তি রয়েছে।’