Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৩ শিক্ষক, শিক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ১৪:০২

আটক তিন শিক্ষক।

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এসএসসি (দাখিল) পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীর উত্তরপত্র লিখে দেওয়ার অভিযোগে তিন শিক্ষককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ। একই ঘটনায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চুয়ামল্লিকপাড়া রেজওয়ানুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত শিক্ষার্থী মো. নাসিরুল্লাহ (১৬) মহিষকুন্ডি মুসলিম নগর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। তিনি ওই মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আব্দুল ওহাব বিশ্বাসের ছেলে।

তবে এই বিষয়ে মহিষকুন্ডি মুসলিম নগর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

এই ঘটনায় গ্রেফতার শিক্ষকরা হলেন, একই মাদ্রাসার শিক্ষক মো. বজলুর রহমান (৪৮), মো. নুরুল ইসলাম (৪৫) ও মোছা. মাতোয়ারা খাতুন মায়া (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, জীববিজ্ঞান পরীক্ষা চলাকালে নাসিরুল্লাহর উত্তরপত্র কেন্দ্রের বাইরে থেকে লিখে এনে জমা দেওয়ার চেষ্টা করছিলেন ওই তিন শিক্ষক। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরেই তারা একই কৌশলে পরীক্ষায় অনিয়ম করে আসছিলেন। বুধবারও উত্তরপত্র লিখে দেওয়ার সময় র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তারা হাতেনাতে ধরা পড়েন।

ঘটনার খবর পেয়ে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী প্রদীপ কুমার দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শেষে অভিযুক্ত পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। একইসঙ্গে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, এ ঘটনায় হল সুপার বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার তিন শিক্ষককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর