পাবনা: রাজধানীর বনশ্রী এলাকায় ১০ বছর বয়সী শিক্ষার্থী মো. আব্দুল্লাহকে বলাৎকার ও আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত মো. শিহাব হোসেনকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, শিহাব একই মাদরাসার শিক্ষার্থী।
বুধবার (২০ মে) বিকেল ৬টার দিকে পাবনার বেড়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শিহাব বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের খাকছাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি বনশ্রী সি ব্লকের তিন নম্বর রোডে আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার শিক্ষার্থী।
পুলিশ জানিয়েছে, মো. আবদুল্লাহ (১০) বনশ্রীর সি-ব্লকের ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার ছাত্র ছিল। গত ১৯ মে রাত ১০টার দিকে শিশুটি আত্মহত্যা করার খবর পেয়ে মাদরাসায় যায় পুলিশ। গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে মরদেহ পাঠানো হয়।
মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শিশুটির শরীরে অস্বাভাবিক যৌনাচার বা বলাৎকারের আলামত পান পুলিশ কর্মকর্তারা। বিষয়টি নিয়ে মাদরাসা কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
পরে ওই মাদরাসার কর্মকর্তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মো. শিহাব হোসেনের নাম উঠে আসে।