নরসিংদী: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তারা আইটির মাধ্যমে অনেক কিছু করেছে তবে জনগণের জন্য কিছুই সহজ করেনি।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে নরসিংদীর পলাশে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. মঈন খান বলেন, জনগণের ভূমিসেবা জটিলতা নিরসনে বর্তমান সরকার বদ্ধ পরিকর। সেই লক্ষে দেশব্যাপী এই ইলেকট্রিক সেবার মাধ্যমে ভূমি সেবা চালু করা হয়েছে। শুধু মুখরোচক কথা বললে হবে না দেশের আইটি ব্যবস্থা সহজ করে প্রতিটি মানুষের সেবা নেওয়ার প্রক্রিয়াটি সহজ হিসেবে গড়ে তুলতে হবে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভুইয়া মিল্টন, পৌর বিএনপি’র সভাপতি আলম মোল্লা ও পৌর ছাত্রদের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ অন্যান্যরা।
উদ্বোধন শেষে পলাশ বাসস্ট্যান্ডে প্রধান অতিথি ড.আবদুল মঈন খান পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্য শস্য (চাল), শুকনা খাবার ও ঢেউটিন বিতরণ করেন।