Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেরোইন রাখার দায়ে বাসচালকসহ ২ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ২০:০৮ | আপডেট: ১৮ মে ২০২৬ ২০:১০

সিরাজগঞ্জ: জেলায় এক কেজি হেরোইন রাখার দায়ে ন্যাশনাল ট্রাভেলসের বাসচালক ডালিম মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় তার মামা মনিরুল এন্তাজুল আলমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ডালিম মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনুরা বাজার স্টেশন কলোনীপাড়া এলাকার মৃত শুকুর উদ্দিনের ছেলে। অপর আসামি মনিরুল এন্তাজুল আলম তার মামা বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ মার্চ রাতে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। ওইদিন মহাসড়কের হাজী ইমাম আলী মার্কেট এলাকায় চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল।

একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাসচালক ডালিম মিয়ার সিটের নিচে পলিথিনে মোড়ানো ১০টি প্যাকেট পাওয়া যায়। পরে সেগুলো পরীক্ষা করে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ডালিম মিয়াকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, উদ্ধার হওয়া হেরোইন তার মামা মনিরুল এন্তাজুল আলমের কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল। পরে এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

মামলাটি তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ আসামির বিরুদ্ধে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি হামিদুল ইসলাম দুলাল বলেন, আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডাদেশ দিয়েছেন। এ রায় মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিচার বিভাগও কঠোর অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর