রাজশাহী: মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকদের একাংশ হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেন বলে জানা গেছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন পথের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
ক্যাম্পাস ছুটির আগেই বাড়ি ফিরছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তবে হঠাৎ জানতে পারেন বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে অসুস্থ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েন তিনি। তিনি বলেন, ‘এ ভোগান্তির শেষ নেই। অসুস্থতার কারণে জরুরি টিকের কেটে বাসায় ফিরতে চেয়েছিলাম। কিন্তু বাস বন্ধ থাকায় আবার চলে ফিরে যেতে হচ্ছে। কখন বাস চলাচল শুরু হবে কর্তৃপক্ষ বলতে পারছে না। তাই বাধ্য হয়ে বিকালের ট্রেনে টিকিট কেটে বাসায় ফিরব।’ এমন ভোগান্তি যেন আর ঘটে এজন্য কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

কাউন্টারে অপেক্ষমাণ যাত্রীরা।
এদিকে সংশ্লিষ্টদের সূত্র মতে, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন গতকাল রোববার (১৭ মে) রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করেন। নতুন ২১ সদস্যের কমিটিতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। নির্বাচন ছাড়া নতুন কমিটি দেওয়ায় শ্রমিকদের একাংশ সকাল থেকে আন্দোলন শুরু করেন এবং সব রুটের বাস চলাচল বন্ধ করে দেন।
আন্দোলনকারীদের দাবি, ঘোষিত কমিটি বাতিল করে ৩ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করে নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে।
এর আগে, গত ২৩ এপ্রিল ইউনিয়ন অফিসের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর শিরোইল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটে। টার্মিনালের পাশে থাকা বিপুলসংখ্যক দোকানেও ভাঙচুর চালানো হয়। এরই প্রেক্ষিতে ফেডারেশন সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন ঘোষিত জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম পাখি এ বিষয়ে বলেন, বাস বন্ধের কথা শুনেছি। চেষ্টা করছি যাতে বাস চলাচল স্বাভাবিক হয়।