Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে আগুনে পুড়ল অর্ধশত দোকান-বসতঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১৫:২১

ভয়াবহ আগুনে পুড়ে গেছে দোকান-বসতঘর।

বান্দরবান: বান্দরবানের বাঘমারা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (১৭ মে) রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গভীর রাতে হঠাৎ বাজারে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয় মসজিদের মাইকের মাধ্যমে বিষয়টি বলা হলে তাৎক্ষণিক লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু অধিকাংশ দোকান ও বসতঘরে দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় এবং মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে বান্দরবান সদর ও রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও, ততক্ষণে বাজারের অর্ধশতাধিক দোকান ও বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে বহু ব্যবসায়ী তাদের দোকানের মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং এতে অন্তত ২ থেকে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৪টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে দুর্গমতার কারণে আমাদের কিছুটা বেগ পেতে হয়। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা৷

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় বাঘমারা বাজারটি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর