Saturday 16 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুল-ঘর-ফসলি জমি বাঁচাতে ধরলা পাড়ে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ২১:২৬

স্কুল-ঘর-ফসলি জমি বাঁচাতে ধরলা পাড়ে মানববন্ধন। ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম: সদর উপজেলার কদমতলা এলাকার ধরলা নদীর ভয়াবহ ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (১৬ মে) সকাল ১১টায় ধরলা নদীর বাম তীরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে কোমলমতি শিক্ষার্থীসহ কয়েকশ মানুষ অংশ নেন।

স্থানীয়দের অভিযোগ, ধরলা নদীর বাম তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন স্থানে কাজ চললেও কদমতলা এলাকার প্রায় ৫০০ মিটার ভাঙনপ্রবণ অংশটি দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে। প্রশাসনিক জটিলতার অজুহাতে গুরুত্বপূর্ণ এই অংশে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে শিগগিরই নদীগর্ভে বিলীন হতে পারে কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। সেইসঙ্গে শত শত পরিবারের বসতভিটা ও ফসলি জমিও চরম হুমকির মুখে পড়বে।

বিজ্ঞাপন

এ সময় বক্তব্য দেন সমাজসেবক শাহানুর রহমান সৈকত, এনসিপি পাঁচগাছী ইউনিয়নের সদস্য সচিব মো. রাশেদ খান মিলন, ব্যবসায়ী আনোয়ার হোসেন, এনামুল হক, ইয়াকুব আলী ও আকতারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অবিলম্বে ভাঙনপ্রবণ ৫০০ মিটার এলাকায় বালু ভরাট ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়ে বলেন, সময় মতো ব্যবস্থা না নিলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর