Saturday 16 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ জুলাই থেকে টাকা ট্রান্সফারে ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক: গভর্নর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ২০:৩৬ | আপডেট: ১৬ মে ২০২৬ ২১:২২

মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

খুলনা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, টাকা ট্রান্সফারের মাধ্যম হিসাবে আগামী পহেলা জুলাই থেকে ‘বাংলা কিউআর’ ব্যবহার বাধ্যতামূলক করছে সরকার।

শনিবার (১৬ মে) সকালে খুলনা নগরীর একটি অভিজাত হোটেলে মুদ্রানীতি প্রণয়ন সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০২৬-২৭ অর্থবছরের ১ম ষাণ্মাসিক মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে খুলনার ব্যবসায়ী, অংশীজন এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।

তিনি বলেন, ক্যাশলেস বাংলাদেশ তৈরির জন্য সরকারের পরিকল্পনার অংশ হিসাবে আগামী জুনের মধ্যে অন্তত একটি লেনদেনে সরকারের পক্ষ থেকে ‘বাংলা কিউআর’ ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

গভর্নর বলেন, ক্যাশলেস বাংলাদেশ তৈরিতে আমরা যে প্ল্যান করেছি, সেটাতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এতে আমাদের অনেক লাভ হবে। আমাদের রেভিনিউ কালেকশন, আমাদের ম্যানেজমেন্ট সব কিছু সহজ করবে। আপনারা জানেন, প্রতিবছর আমাদের কাগজের নোট ছাপাতে ২০ হাজার কোটি টাকা খরচ হয়। এটি যদি অর্ধেকও নামিয়ে আনা যায়, তাহলে অন্তত ১০ হাজার কোটি টাকা সেভ করা সম্ভব হবে। এছাড়া কৃষক ঋণ ও পাঁচ ব্যাংককে একীভূত করার বিষয়ে কথা বলেন।

বাংলাদেশ ব্যাংক, খুলনার নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে মুদ্রানীতি বিষয়ক উপস্থাপনা করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহ্উদ্দিন নাসের।

উল্লেখ্য, ডিজিটাল লেনদেন সহজ করতে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আলাদা আলাদা কিউআর কোডের বদলে একটি কিউআর কোড দিয়েই সব লেনদেন সম্পন্ন করার অভিপ্রায় নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রবর্তন করেছে বাংলা কিউআর। এই একটি কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সেবা প্রদানকারীদের গ্রাহকরা ডিজিটাল পেমেন্ট করতে পারবেন।

বাংলা কিউআর চালুর আগে ব্যাংক ও এমএফএস সেবা প্রদানকারীরা নিজেদের আলাদা আলাদা কিউআর কোড ব্যবহার করত। ফলে গ্রাহকদের পেমেন্ট সম্পন্ন করতে ওই নির্দিষ্ট সেবাদাতার অ্যাপ প্রয়োজন হতো। সেখানে বাংলা কিউআর ব্যবহার করলে একজন ব্যবসায়ী একটি কিউআর কোড দিয়েই যেকোনো ব্যাংক বা এমএফএসের গ্রাহকের কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন। আলাদা আলাদা ব্যাংক বা এমএফএসের গ্রাহকের সামনে ওই ব্যাংক বা এমএফএসের কিউআর কোড দিতে হবে না। যেমন- বিকাশ, নগদ বা কোনো ব্যাংকের অ্যাপ ব্যবহারকারী গ্রাহক একটি বাংলা কিউআর কোড ব্যবহার করেই পেমেন্ট করতে পারবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর