Saturday 16 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে ঘুমন্ত স্বামীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ২০:২৩

নাটোর: পারিবারিক কলহের জেরে নাটোর সদর উপজেলার কাফুরিয়ায় নিজ বাড়িতে ঘুমন্ত স্বামীকে হত্যা করেছে স্ত্রী। ঘটনার পর অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মকছেদ হোসেন মানু (৭০)। তিনি মৃত জিয়ারত সরকারের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী অতেজান বেগম (৬৫) কে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের পর মান্নান সরকার মাঠে কাজ করতে যান। কাজ শেষে বাড়িতে ফিরে বিশ্রাম নেওয়ার সময় স্ত্রী হাসুয়া দিয়ে তার গলায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ঘটনার পর স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং অভিযুক্ত স্ত্রীকে আটক করে।

এলাকাবাসীর দাবি, অতেজান বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে হত্যার পেছনে পারিবারিক কলহের বিষয়টিও সামনে এসেছে।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আলী জানান, ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।