Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেওয়া হবে: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ১৬:৩৮ | আপডেট: ১৬ মে ২০২৬ ১৭:৫১

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

ঢাকা: রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে সরকার চলচ্চিত্রসহ সৃজনশীল খাতকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (১৬ মে) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটি (এফএফএসবি)

মন্ত্রী বলেন, ‘চলচ্চিত্রসহ সৃজনশীল শিল্প সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সফট পাওয়ার। এই শক্তিকে সমৃদ্ধ করার দায়িত্ব শিল্পী, নির্মাতা ও সৃজনশীল ব্যক্তিদের।’

বিজ্ঞাপন

এ সময় চলচ্চিত্র শিল্পের বিভিন্ন পর্যায়ে অংশীজনদের মতামত ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে সরকার আগ্রহী বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিশেষজ্ঞদের সঙ্গে কার্যকর সংযোগ ছাড়া উচ্চমানের সৃজনশীল উৎপাদন সম্ভব নয়।’

চলচ্চিত্র খাতের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘নবগঠিত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ও জুরি বোর্ডকে চলচ্চিত্র অঙ্গনের সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছে। অতীতে এসব বোর্ড গঠন নিয়ে বিতর্ক থাকলেও এবার সংশ্লিষ্টরা কোনো বিতর্ক ছাড়াই নতুন বোর্ডকে সমর্থন জানিয়েছেন।’

তিনি আরও জানান, আগামী অর্থবছরের বাজেটে চলচ্চিত্রে অনুদানের পরিমাণ বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি অনুদানের অর্থ দ্রুত ছাড় এবং নির্ধারিত সময়ের মধ্যে চলচ্চিত্র নির্মাণ শেষ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

এ ছাড়া, সিনেমাহলের সংখ্যা কমে যাওয়াকে চলচ্চিত্র শিল্পের বড় সংকট উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সিঙ্গেল স্ক্রিনের সিনেমাহল টিকিয়ে রাখা ও আধুনিকায়নে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।’

উল্লেখ্য, অনুষ্ঠানে শিল্পসমালোচক ও চলচ্চিত্রবোদ্ধা মঈনুদ্দিন খালেদকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সভাপতি ড. জহিরুল ইসলাম কচি ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবালসহ অনেকেই।

সারাবাংলা/এমএমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর