Saturday 16 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ১৫:৩৬

ফারাক্কা লং মার্চ দিবস পালন।

টাঙ্গাইল: মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আহ্বানে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ-এর ৫০তম দিবস টাঙ্গাইলে পালিত হয়েছে।

শনিবার (১৬ মে) বেলা ১১টায় দিবসটি উপলক্ষ্যে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মওলানা ভাসানি ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা ভাসানি ফাউন্ডেশনের সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, সংগঠনের মহাসচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মালা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ. কে. এম. মনিরুল হক মনির, জেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক তানভীর আহমেদ সজল, কাগমারী এম. এম. আলী কলেজের সাবেক ভিপি নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, শহর যুবদলের সভাপতি রাশেদ খান সোহাগসহ আরও অনেকেই।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, ফারাক্কা বাঁধের কারণে পদ্মাসহ দেশের বিভিন্ন নদীতে পানিপ্রবাহ কমে যাচ্ছে। এতে উত্তরাঞ্চলে মরুকরণ, কৃষিতে সংকট এবং পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হচ্ছে। তাই আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।

ফারাক্কা বাঁধের কারণে দেশের উত্তরাঞ্চলের নদ-নদী, কৃষি ও জীববৈচিত্র মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে নতুন প্রজন্মকে নদী ও পানির অধিকার রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য, ফারাক্কা বাঁধের ফলে নদীর নাব্যতা হারানোর আশঙ্কায় ও পানির নায্য হিস্যার দাবিতে ১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির নেতৃত্বে ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে ফারাক্কার উদ্দেশে লং মার্চ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে ফারাক্কা বাঁধ অভিমুখে লাখো জনতার সেই লং মার্চ রওনা হয়েছিল। লং মার্চ শেষে কানসাট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বক্তব্য দেন মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানি। সেই থেকে প্রতি বছরের মে মাসের ১৬ তারিখে ঐতিহাসিক ফারাক্কা দিবস পালিত হয়ে আসছে।