বাগেরহাট: নিখোঁজ হওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর মোংলা নদী থেকে হোসেন মোড়ল (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকালে দাকোপ উপজেলার চালনা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। মো. হোসেন মোড়ল মোংলা দাকোপের চালনা এলাকার মৃত মো. ইউনুস মোড়লের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) সকালে চালনা থেকে হ্যাচারীর পোনা নিয়ে বাগেরহাটের মোংলায় আসেন হোসেন মোড়ল। ভোর সাড়ে ৫টার দিকে মোংলা নদীর লেবার ঘাট এলাকায় নিজ ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন তিনি। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সে পেশায় একজন ট্রলার মাঝি ছিলেন। তার ট্রলারে করে বিভিন্ন হ্যাচারীর পোনা বিভিন্ন জায়গায় পৌছে দিতেন।
ঘটনার পর থেকে এলাকাবাসীর পাশাপাশি মোংলা ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর ডুবুরি সদস্যেরা উদ্ধার অভিযানে অংশ নেয়। দিনভর অভিযান চালিয়েও তার সন্ধান মেলেনি। অবশেষে শুক্রবার তার মরদেহ উদ্ধার করা হয়।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।