নারায়ণগঞ্জ: জেলার সোনারগাঁওয়ে জেরা (JERA) মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধের ঘটনায় শঙ্কর রোজারিও (২৫) নামে একজনের মৃৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শঙ্কর ওই ক্যান্টিনের কর্মচারী ছিলেন।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শঙ্করের শরীরের ৪৬ শতাংশ পুড়ে গিয়েছিল, সঙ্গে শ্বাসনালীও দগ্ধ হয়েছিল। এই ঘটনায় ৬ জনকে বুধবারই ছুটি দেওয়া হয়েছিল। বর্তমানে নাজমুল ১৩ শতাংশ, সুপ্রভাত ঘোষ ১২ শতাংশ আলআমিন ২২ শতাংশ, মো. আমির ৮০ শতাংশ ও কাওছার ৫৯ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি রয়েছেন।
বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, গতকাল বুধবার (১৩ মে) দুপুরে ক্যান্টিনের বুফে দুপুরে খাবার খাওয়ার জন্য সিরিয়ালে ছিলেন। তখন কিচেনের ভিতরে একটি বিস্ফোরণ হয়। এতে ক্যান্টিন বয়সহ থাকা ১২ জন দগ্ধ হয়। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে ঢাকা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে, রান্নার পর কেউ গ্যাসের চুলা চালু রেখেছিল। পরে দিয়াশলাই জ্বালানো মাত্রই জমে থাকা গ্যাসে আগুন ধরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই দুলাল রোজারিও জানান, তাদের বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার চিটাগুড়ি দিয়ারপাড়া গ্রামে। বাবার নাম জোসেফ গোমেজ রোজারিও। বর্তমানে শঙ্কর সোনারগাঁওয়ে থাকতেন এবং ক্যান্টিনে কাজ করতেন।