পঞ্চগড়: জেলার তেঁতুলিয়া উপজেলায় গরু বাঁধতে গিয়ে সাপের কামড়ে সালেহা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দক্ষিণ দর্জিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সালেহা খাতুন ওই এলাকার আতিয়ার রহমানের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।
স্থানীয় ও পারিবার জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি মরিচখেতের পাশে গরু বাঁধতে যান সালেহা। সকাল ১১টার দিকে খেতের কাজ করার সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তার চিৎকার শুনে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করেন। পরে চিকিৎসাধীন ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক বলেন, রোগীর পালস আমরা পেয়েছিলাম। তাকে ব্যাথাসহ প্রয়োজনীয় চিকিৎসা, অ্যান্টিভেনম দেওয়া হয়েছিল। তবে রক্তের পেশার তেমন ছিল না। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সাপটি বিষধর ছিল। তবে কি সাপ তা জানা যায়নি।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান বলেন, ‘নিহতের মরদেহ সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।’