পাবনা: জেলার ঈশ্বরদীতে বিষক্রিয়ায় একটি বিদ্যালয়ে প্রায় ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরের পর ঈশ্বরদী মুলাডলি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ সবাই ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। অসুস্থ শিক্ষার্থীদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাসনা রানি জানান, শিক্ষার্থীদের অসুস্থতার খবর তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) আসাদুর রহমানকে জানানো হয়। ঘটনা শুনে তারা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, ‘দুপুরের পর বিদ্যালয়ের বাথরুমে একটি বিষের বোতল ভেঙে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে আরও শিক্ষার্থী অসুস্থ হয়। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অসুস্থদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’
এ ছাড়াও, স্কুল শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন এবং শিক্ষার্থীদের খোঁজখবর নেন।