চাঁপাইনবাবগঞ্জ: জেলার ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মোবাইলফোন, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বুধবার (১৩ মে) গভীর রাতে উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চামুচা বিওপি থেকে সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৮/১-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় একটি সংঘবদ্ধ চোরাকারবারি দল বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
অভিযানে ৫৪টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় চোরাই মোবাইলফোন, ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা এবং ১৯ হাজার ৪৫০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। পাশাপাশি সকল প্রকার চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’