চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে চারটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, ৫৩ বিজিবির জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সূর্যনারায়ণপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে চারটি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা।
পরে জব্দকৃত গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
বিজিবি আরও জানায়, চলতি মে মাসে ৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে মোট ১২টি গরু জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সম্ভাব্য গরু চোরাচালান ঠেকাতে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে বিশেষ টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।