কুষ্টিয়া: কুষ্টিয়ায় টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ২৪’-এর স্থানীয় অফিসে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (৬ মে) সকালে অফিস খুলতে গিয়ে কর্মীরা বিষয়টি জানতে পারেন।
অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় কুষ্টিয়া পৌরসভার সামনে অবস্থিত অফিসটির পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা। এ সময় তারা তিনটি ল্যাপটপ, একটি ব্যাগ ও একটি মেমোরি কার্ড নিয়ে যায়।
চুরির পাশাপাশি অফিসের বিভিন্ন কক্ষ তছনছ করা হয়েছে। আলমারিতে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।
ঘটনাটি জানাজানি হলে সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।’