চাঁদপুর: আগামী ১৬ মে জেলা সফরে চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. উজ্জ্বল হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি ও খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করাসহ দিনব্যাপী সফরে আরও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে এরইমধ্যে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ। তার এই সফরকে কেন্দ্র করে চাঁদপুর জেলাজুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে বাড়তি তৎপরতা।
জানা গেছে, এরইমধ্যে জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বেশ কয়েকবার প্রস্তুতিমূলক সভা করেছেন।
প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচিতে উল্লেখ করা হয়, ১৬ মে সকাল ৭টায় তিনি গুলশানের বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে সড়কপথে রওয়ানা হবেন। সকাল ৯টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের পাশে খোর্ধখাল পুনঃখনন কাজ উদ্বোধন করবেন এবং সেখানে জনসভায় যোগ দেবেন।
সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাটে উপস্থিত হয়ে বিশ্বখাল পুনঃখনন কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১টায় চাঁদপুর সার্কিট হাউজে গিয়ে দুপুরের খাবার খাবেন।
দুপুর আড়াইটার দিকে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন ও জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। সেখান থেকে বিকেল সাড়ে ৪টায় জে.এম জেনগুপ্ত রোডের চাঁদপুর পৌরসভা অডিটোরিয়ামে সুধী সমাবেশে যোগদান করবেন। বিকেল সাড়ে ৫টায় চাঁদপুর জেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন করবেন। এবং সন্ধ্যা ৬টার দিকে জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্যের বাসভবনে কিংবা চাঁদপুর ক্লাবে সাংগঠনিক সভায় যোগ দেবেন।
এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।