Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে গণপিটুনিতে নিহত ট্রাকচালকের শিশুর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১২:৪৬

শিশুটির পরিবারকে খেলনা, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দেওয়া হয়।

ফরিদপুর: ফরিদপুরে ফেসবুকে লাইভ করে মব সৃষ্টি করে গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের এতিম শিশুকন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওই শিশুর লালন পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার(৫ মে) সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এস এম রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামের এতিম শিশু মুসলিমার বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন। এ সময় তিনি ওই শিশুর দাদা-দাদির হাতে খেলনা, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন।

এ সময় বোয়ালমারী উপজেলা প্রকল্প কর্মকর্তা মানষ বসু ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সেখানে উপস্থিত সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওই শিশুকে নিয়মিত সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দেন।

নিহতের বাবা শাহিদ শেখ জানান, তার ছেলের ২১ দিন বয়সে তার মা চলে যায়। এরপর সে তাকে লালনপালন করে বড় করে। গত ১ মে তার ছেলে ট্রাক চালানোর সময় তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়। এই ঘটনার পরে ছেলের আড়াই বছরের মেয়েটি এতিম হয়ে পড়ে। সরকার তার পাশে দাঁড়ানোতে সন্তুষ্ট পরিবারটি।

সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু জানান, ওই শিশুর কথা চিন্তা করে পরিষদের পক্ষ থেকে অসহায় পরিবারটির পাশে বিভিন্ন প্রকার ভাতা ও কার্ডের সহযোগিতা করা হবে।

বোয়ালমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এস এম রকিবুল হাসান জানান, গতকাল (সোমবার, ৪ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন করে গণপিটুনিতে নিহত ট্রাক চালকের বাচ্চার খোঁজ খবর নেওয়া ও সহযোগিতার কথা বলেন। এ উপলক্ষে ওই পরিবারের জন্য নগদ অর্থ, খাদ্য ও বাচ্চার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়। এখন থেকে শিশুটি নিরাপদ জীবন গড়তে সরকার তার পাশে থাকবে বলে জানান।

প্রসঙ্গত, ১ মে দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় একাধিক পথচারী আহত হয়। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে হান্নান (৪৫) নামে এক ট্রাকচালক নিহত হন। এ ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর