Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীদের পঁচা ডিম সরবরাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১৭:০৯ | আপডেট: ৪ মে ২০২৬ ১৯:৫৯

স্কুল ফিডিংয়ে দেওয়া পঁচা ডিম।

নীলফামারী: জেলার কিশোরগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে পঁচা ডিম ও নিম্নমানের কলা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে উপজেলার পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পঁচা ডিম দেওয়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর আগে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওই বিদ্যালয়ে পঁচা ডিম সরবরাহ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সরকারের উদ্যোগে স্কুল ফিডিং প্রকল্প চালু করা হয়েছে। এ প্রকল্পের আওতায় উপজেলার ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের ২১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী এ প্রকল্পের আওতায় রয়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিম্নমানের খাবার সরবরাহ করছে।

বিজ্ঞাপন

অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, শুধু পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, উপজেলার আরও কয়েকটি বিদ্যালয়েও একই ধরনের নিম্নমানের ও পঁচা খাবার সরবরাহ করা হয়েছে। তবে একাধিকবার শিক্ষা কর্মকর্তাকে জানালেও তিনি কোনো ধরনের ব্যবস্থা নেননি।

মনোয়ার হোসেন নামে এক অভিভাবক বলেন, ‘শিক্ষার্থীদের খাবারের সঙ্গে এমন পঁচা ও নিম্নমানের খাবার দিলে তারা অসুস্থ হয়ে পড়বে। সরকার শিশুদের পুষ্টি নিশ্চিতকরণে প্রকল্প হাতে নিয়েছে, অথচ তাদের দেওয়া হচ্ছে পঁচা খাবার।’

অভিযোগের বিষয়ে পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা বেগম বলেন, ‘শিক্ষার্থীদের জন্য নিয়ে আসা ডিম তাদের দেওয়া হয়েছিল। পরে তারা খাওয়ার সময়ে দেখে যে, অনেক ডিম পঁচা। পঁচা ডিম শিক্ষার্থীরা খেলে অসুস্থ হবে, আর পঁচা ডিম খাওয়ার উপযুক্ত না। এজন্য সেগুলো ফেরত নেওয়া হয়েছে। বিষয়টি যারা খাবার সরবরাহ করে তাদের জানানো হয়েছে।’

এ ছাড়া, এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডা. মাহমুদা বেগম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই; তবে পঁচা ডিম দেওয়া গুরুতর অপরাধ। আপনি এ বিষয়ে সহকারী শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলতে পারেন।’