Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহের সাবেক এমপি মোসলেম উদ্দিন মারা গেছেন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২ মে ২০২৬ ১৮:৪১ | আপডেট: ২ মে ২০২৬ ১৯:০৮

অ্যাডভোকেট মোসলেম উদ্দিন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ: ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের ৬ বারের নির্বাচিত সাবেক এমপি অ্যাডভোকেট মোসলেম উদ্দিন মারা গেছেন।

শনিবার (২ মে) সকাল সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক। তিনি জানান, ‘আমাদের বাবা ৮৮ বছর বয়সে বার্ধক্যের কারণে অসুস্থ হয়ে পড়লে জাপান–বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয়।’

পরিবার সূত্রে জানা গেছে, তার প্রথম জানাজা নামাজ আগামীকাল রোববার (৩ মে) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা দুপুর ৩টায় ফুলবাড়িয়া সরকারি হাই স্কুল মাঠে এবং তৃতীয় জানাজা বিকেল ৫ টায় তার প্রতিষ্ঠিত আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিউগী কুশমাইল নিজ বাড়িতে দাফন করা হবে।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক গণপরিষদ সদস্য ও জাতীয় সংসদ সদস্য এবং ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় বিদ্রোহী প্রার্থী মালেক সরকারের কাছে পরাজিত হন। জাতীয় সংসদে পাঁচবার সংসদ সদস্য হওয়ার আগে তিনি ১৯৭০ সালের নির্বাচনে গণপরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।