Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবা জিয়ার পর সেই বাসিয়া নদী খননে তারেক রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ১৪:৫৪ | আপডেট: ২ মে ২০২৬ ১৭:০৯

বাসিয়া নদী খননকাজের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান।

সিলেট: সিলেটের কৃষিতে প্রাণ ফেরাতে এবং দখল ও দূষণ থেকে মুক্ত করতে বাসিয়া নদীতে খননকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২ মে) দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে এই খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাসিয়া নদীর প্রায় সাড়ে ২৩ কিলোমিটার অংশ ১২ কোটি টাকা ব্যয়ে খনন করা হবে। এর ফলে সিলেটের দক্ষিণ সুরমা, ওসমানীনগর, বিশ্বনাথ ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রায় ৯০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন। প্রায় ২০ হাজার হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই প্রকল্পে নদীটি প্রায় দেড় থেকে দুই মিটার গভীরে খনন করা হবে।

বিজ্ঞাপন

উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাসিয়া নদীর তীরে বৃক্ষরোপণ করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় স্থানীয় সাধারণ জনতা তারেক রহমানকে দেখতে ভিড় জমান।

উল্লেখ্য, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ‘খাল কাটা কর্মসূচি’-এর আওতায় সর্বশেষ এই নদীটি খনন করেছিলেন। দীর্ঘ ৪৭ বছর পর তার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে নদীটি পুনরায় খনন করা হচ্ছে।

এর আগে, সকালে তিনি হযরত শাহজালালের (র) মাজার জিয়ারত করেন এবং সুরমা নদীর তীরে বন্যা প্রতিরোধী ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এরপর প্রধানমন্ত্রী বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করবেন। বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে দলীয় সভায় যোগ দেবেন। দিনের সফর শেষে সন্ধ্যা ৭টায় বিমানে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।